শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি নতুন এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবহনসেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যৌথ সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানো নিশ্চিত করতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ৬টি রুটে এই এসি বাসগুলো চলাচল করবে। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা সুলভ ও নিরাপদ যাতায়াতের সুবিধা পাবে।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, “ইউআইইউ মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক সেবাকে গুরুত্ব দিয়ে আসছে। এই সেবা শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বৃদ্ধি ও সুস্থ ক্যাম্পাস জীবন নিশ্চিত করতে ভূমিকা রাখবে।” বিশেষ অতিথি মইনুদ্দীন হাসান রশীদ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, ইউআইইউকে আন্তর্জাতিক মানের বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে ইউনাইটেড গ্রুপ ভবিষ্যতেও সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকেই ইউআইইউ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস ও ভর্তুকিযুক্ত পরিবহন সুবিধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় যুক্ত হওয়া নতুন ১৮টি এসি বাস শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার অভিজ্ঞতাকে আরও সুগম ও স্বস্তিদায়ক করবে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

