কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে কুলছুমা নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হোটেল কক্ষে তার প্রায় দুই বছর বয়সী শিশুসন্তানও ছিল। ঘটনার পর নিহত নারীর সঙ্গে থাকা এক যুবক পালিয়ে গেছেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাস টার্মিনাল এলাকার ‘স্ট্যান্ড পার্ক রিসোর্টে’ এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
হোটেলের নিবন্ধন খাতায় নিহত নারীর নাম কুলছুমা, বাবার নাম আলম এবং ঠিকানা ঈদগাঁওয়ের চাঁদেরঘোনা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুলছুমার স্বামীর নাম হারুন। তবে ঘটনার সময় তার সঙ্গে থাকা যুবকটি স্বামী নন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, স্বামীর সঙ্গে কুলছুমার একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় হাজিরা দিতে বুধবার তিনি কক্সবাজারে আসেন। পরে বাস টার্মিনাল এলাকার ওই রিসোর্টে ওঠেন।
পুলিশের ধারণা, হোটেল কক্ষে অবস্থানকালে ধারালো অস্ত্র দিয়ে কুলছুমাকে হত্যা করা হয়। ঘটনার সময় তার শিশুসন্তানও কক্ষে ছিল। হত্যাকাণ্ডের পর সঙ্গে থাকা যুবকটি দ্রুত হোটেল থেকে পালিয়ে যান।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহত নারীর সঙ্গে থাকা যুবক তার স্বামী নন। তার স্বামী হারুন এবং তাদের বাড়ি ঈদগাঁওয়ের চাঁদেরঘোনা এলাকায়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, নিহত নারীর পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ওই যুবককে চেনেন না। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। পাশাপাশি পলাতক যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

