অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। বাজে পারফরম্যান্সের পরও সদ্য সমাপ্ত সিরিজে প্রাপ্তিও দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সকে ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন নারী দলের এই অধিনায়ক।

সফরের প্রাপ্তি নিয়ে জ্যোতি বলেন, ‘প্রতিটি ম্যাচেই দলের কোনো না কোনো খেলোয়াড় এগিয়ে এসেছে। এখান থেকে আমরা অনেক ইতিবাচক দিক পেয়েছি, যা ভবিষ্যতে কাজে লাগাব। এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট জ্যোতি, ‘আমরা কয়েকজন তরুণ খেলোয়াড়কে ভালো করতে দেখেছি। আমাদের দুজনের অভিষেকও হয়েছে। তাদের জন্য চ্যালেঞ্জটা কঠিন ছিল, তবে মাঠে তারা নিজেদের শতভাগ দিয়েছে।

