লক্ষ্মীপুর সদর উপজেলার একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন জুয়েল ওই গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মাদক কারবার নিয়ে বিরোধের জেরে তিনি হত্যার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কয়েক দিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

