কাজাখস্তানে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মাসব্যাপী সিয়াম সাধনার পর ৯ মার্চ মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন ২০২৭ সালের ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।
কাজাখস্তানের বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হতে পারে। মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রাতটি রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়।
ঈদুল আজহা ও অন্যান্য ধর্মীয় দিবস
কাজাখস্তানে ২০২৭ সালের ১৬ মে রোববার পবিত্র ঈদুল আজহা বা কুরবান আইত উদ্যাপিত হবে। দেশটিতে এ উৎসব তিন দিন ধরে পালিত হবে। এর আগের দিন, ১৫ মে শনিবার, পবিত্র আরাফার দিবস পালিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া রমজান শুরুর আগে ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে শবে বরাত পালিত হবে। অন্যদিকে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ আগস্ট।
তারিখ পরিবর্তনের সম্ভাবনা
কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, হিজরি মাসের সূচনার তারিখ নির্ধারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে। তবে ইসলামি মাসের সূচনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঘোষিত তারিখগুলো পরিবর্তিত হতে পারে। সে ক্ষেত্রে ধর্মীয় দিবসগুলো এক দিন আগে বা পরে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০২৬ সালে দেশটিতে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হয়েছিল। ১৯ মার্চ রমজান মাস শেষ হওয়ার পর ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়।

