ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে ক্ষোভ প্রকাশের পর আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। একই সঙ্গে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৮ অক্টোবর) মহিলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান মহিলা বিভাগের সেক্রেটারি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা।
বিজ্ঞপ্তিতে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশ করা প্রত্যেক নাগরিকের অধিকার। জনপ্রতিনিধিরা প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন না করলে নাগরিকদের তাদের সমালোচনা করার অধিকার রয়েছে। তার মতে, সাথী আক্তারের মতপ্রকাশের অধিকার থাকা সত্ত্বেও তাকে নিরাপত্তা না দিয়ে গ্রেপ্তার করা অত্যন্ত নিন্দনীয়।
তিনি আরও বলেন, এ ঘটনার মাধ্যমে সরকার অসহিষ্ণু আচরণের পরিচয় দিয়েছে বলে মহিলা জামায়াত মনে করে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, ভিন্নমত প্রকাশের কারণে একজন নারীকে রাষ্ট্রীয় রোষানলের শিকার হতে হচ্ছে। এ ধরনের ঘটনা চব্বিশ-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
নুরুন্নিসা সিদ্দিকা সাথী আক্তারের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাথী আক্তারকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাথী আক্তারকে পুলিশের হাতে তুলে দেন।

