উচ্চশিক্ষার পাশাপাশি জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং সৃজনশীল মনন গঠনে বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্ব অপরিসীম। সেই ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার এই আনন্দঘন আয়োজনে সোনারগাঁও ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম তারিক ইকবাল, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. শামীম সরকারসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে বাংলা বিভাগের নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে বিভাগের শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের পরিচিতি এবং পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে আনন্দময় করে তোলার পাশাপাশি বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় করার এক মিলনমেলায় পরিণত হয়।

