চট্টগ্রাম নগরের দুই এলাকায় পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় বাস দুটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজের।
এর আগে গত রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

