রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির জেরে একটি ফার্মেসি ও রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ফার্মেসির কাচ ভেঙে গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
ফার্মেসি ও রেস্তোরাঁর মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পুর’ পরিচয়ে ফোন করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে টানা দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সর্বশেষ শুক্রবার রাতে দুর্বৃত্তরা ফার্মেসিতে এসে পরপর তিন রাউন্ড গুলি চালায়। এতে দোকানের সামনের কাচ ভেঙে যায় বলে জানান তিনি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঞ্জাবি পরা ও হেলমেটধারী এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেখান থেকে চলে যাওয়ার সময় তার হাতে একটি ধারালো চাপাতি দেখা যায়।
ফুটেজে আরও দেখা যায়, ঘটনার সময় আশপাশে বেশ কয়েকজন মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

