ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামিমা আক্তার ও তার স্বামী ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী ইয়াছিন আলী ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিভাগটির উপ-রেজিস্ট্রার ইসরত জাহান এবং জুনিয়র লাইব্রেরিয়ান মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২৭৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২৪১০১০৪ রোলধারী শিক্ষার্থী শামিমা আক্তার জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস ও পরিক্ষা সম্পন্ন করে। পরে রেজাল্ট তৈরি করতে গিয়ে প্রশাসন প্রদত্ত সফটওয়্যারে শিক্ষার্থীর রোল নাম্বার না থাকায় বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে। গত ১১ জুলাই বিষয়টি নিয়ে বৈঠক করে পরীক্ষা কমিটি। পরে বিভাগীয় সভাপতিকে জানালে একইদিনে জরুরি মিটিং ডাকা হয়। উক্ত সভায় অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত কোনো নথি একাডেমিক শাখায় না পাওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিভাগের সংশ্লিষ্ট স্টাফদের আরও সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে বলা হয়।
এ ঘটনায় গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার মো: বদিউজ্জামান। সর্বশেষ সিন্ডিকেটে তদন্ত কমিটির সুপারিশ গেলে এই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

