শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে শতভাগ প্রচেষ্টা চালানো হচ্ছে। এ লক্ষ্যে শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে।
তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা দেশের ক্ষতি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি দেশে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

