রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। একই সঙ্গে রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাস মোকাবিলায় প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফাঁদ তৈরি করেছিল, কিন্তু বিএনপি সরকার সেই ফাঁদে পা দেয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গুলি চালাত, তাহলে সেই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অন্তত ৫০০ থেকে ৬০০ মানুষ মেরে ফেলত।’
এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে রাজনৈতিকভাবে তা ব্যবহার করত বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ‘গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়মুক্তি পেতে আওয়ামী লীগ এমন বহু ষড়যন্ত্র করবে। তাদের এই ষড়যন্ত্র রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।’
রাজপথে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাস মোকাবিলায় প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পলাতক নেতাকর্মীদের চাঙা করতে ওরা (আওয়ামী লীগ) আরও সন্ত্রাস করার অপচেষ্টা করতে পারে। এগুলো সম্মিলিতভাবেই মোকাবিলা করতে হবে।’
ফেসবুক পোস্টে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে ভাঙচুরের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খান। তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে জামায়াত ও এনসিপির নেতাদের ভয়ভীতি দেখিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি বিএনপি নেতাদের বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে ওরা একে একে সবাইকে টার্গেট করছে। সুতরাং আলোচনা-সমালোচনা, দাবি-দাওয়া আমাদের মধ্যে যা-ই থাকুক না কেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি-কিন্তু ছাড়াই ঐক্যের বিকল্প নেই।’

