শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙন থেকে জনপদ রক্ষায় ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র তিন বছরের মাথায় বাঁধের শেষ প্রান্তে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ফেলা ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগের বড় অংশও এক মাসের মধ্যে নদীর গভীরে তলিয়ে গেছে। এতে চরম ঝুঁকিতে পড়েছে শতবর্ষী সুরেশ্বর বাজার, মাছঘাট ও লঞ্চঘাট।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে পদ্মার ভাঙনে হারিয়ে যেতে পারে সুরেশ্বরের দীর্ঘদিনের বাণিজ্যিক ঐতিহ্য। একই সঙ্গে জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন কয়েক শ জেলে, মাছ ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে শুরু হওয়া ১০ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ তীররক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ হয় ২০২৩ সালে। এতে ব্যয় হয় ১ হাজার ৪০৩ কোটি টাকা।
কিন্তু গত ১ অক্টোবর বাঁধের শেষ প্রান্তে ভাঙন দেখা দেয়। এতে প্রায় ১৩৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। মাছবাজারের অন্তত ২০টি দোকানও হারিয়ে যায় নদীতে।
ভাঙন ঠেকাতে ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে ৪০ হাজার ৫০০টি জিওব্যাগ ফেলা হয়। এতে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা। কিন্তু এক মাস না পেরোতেই বৃষ্টিপাত ও নদীর তীব্র স্রোতে জিওব্যাগের বড় অংশ নদীর গভীরে তলিয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জানিয়েছেন, নদীর তলদেশে অস্বাভাবিক গভীরতা সৃষ্টি হওয়ায় তীরের মাটি ধসে পড়ছে। ভাঙনকবলিত ১৬০ মিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের নকশা অনুমোদন হয়েছে। তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে পদ্মার ভাঙনে সুরেশ্বরের ঐতিহ্যবাহী বাজার, মাছঘাট ও নৌযোগাযোগব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

