২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচি চালু করা হবে। এ কর্মসূচির আওতায় দেশের ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
খাবারের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সহজলভ্য উপকরণ ব্যবহার করে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার তৈরির পরামর্শ দেন।
বিদ্যালয়ের খাবারের মান বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দেন ডা. জুবাইদা রহমান। তাঁর মতে, স্থানীয় শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ করলে শিশুদের পুষ্টির মান উন্নত করা সম্ভব।
অনুষ্ঠানে তিনি বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৫ দশমিক ১ শতাংশ খর্বতার শিকার। এ পরিস্থিতি মোকাবিলায় পুষ্টিকর খাদ্য উৎপাদন, কৃষির আধুনিকায়ন এবং মা ও শিশুর পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, আধুনিক সেচব্যবস্থা, খাল খনন এবং পতিত জমি চাষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

