আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি আসনে বিএনপির বিদ্রোহী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত মজলিসসহ মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (রিকশা প্রতীক) তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা রমিজ উদ্দিন (রিকশা) এবং বালী নাসের ইকবাল (দেয়াল ঘড়ি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী মোল্লা মো. রহমাতুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
এনসিপি ও খেলাফত মজলিসের নেতারা জানিয়েছেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জোট প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবেন। একইসঙ্গে বিএনপির সাবেক জেলা সভাপতি এমএ সালাম জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন।
ছয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এখন বাগেরহাট জেলার চারটি আসনে মোট ২৩ জন বৈধ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বাগেরহাট-১ আসনে ৮ জন, বাগেরহাট-২ আসনে ৪ জন, বাগেরহাট-৩ আসনে ৫ জন এবং বাগেরহাট-৪ আসনে আগের মতোই ৬ জন প্রার্থী প্রতিযোগিতায় থাকছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

