বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষেত্রে দেশ ও দেশের মানুষের স্বার্থই সবার আগে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথেই অগ্রসর হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলের নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও বাংলাদেশের জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে। একই নীতি পাকিস্তান ও চীনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে তিনি উল্লেখ করেন।
চীনের সঙ্গে সিল্ক রোড উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, তা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণকে বোঝানো ও আস্থায় নেওয়াই ছিল বিএনপির প্রকৃত ইঞ্জিনিয়ারিং। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই ছিল বড় চ্যালেঞ্জ।
যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট পাওয়া মানেই সবার কথা শোনা। যুবকদের পাশাপাশি নারী, বয়স্ক ও প্রতিবন্ধীসহ সমাজের সব শ্রেণির মানুষের সমস্যা সমাধানে সরকার কাজ করবে।
নতুন সরকারের চ্যালেঞ্জ হিসেবে তিনি অর্থনীতি, আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বিএনপির ইশতেহার অনুযায়ী গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

