চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু হয়েছে। রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এ সময় মুসল্লিরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। ভৌগোলিক অবস্থানভেদে রোজার সময়সীমা ভিন্ন হয়ে থাকে, যা সাধারণত ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ।
দিনের আলোর স্থায়িত্ব অঞ্চলভেদে ভিন্ন হওয়ায় রোজার সময়েও পার্থক্য দেখা যায়। বর্তমানে উত্তর গোলার্ধে শীতকাল চলায় সেখানে বসবাসকারী মুসল্লিরা তুলনামূলক কম সময় রোজা রাখছেন। রমজানের প্রথম দিনে উত্তর গোলার্ধের দেশগুলোতে রোজার সময় প্রায় সাড়ে ১১ থেকে ১৩ ঘণ্টা, যা মাস গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়বে।
অন্যদিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় তুলনামূলক দীর্ঘ। চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রথম দিনে রোজার সময় প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা, যা রমজান মাসজুড়ে ধীরে ধীরে কমতে থাকবে। রমজানের প্রথম দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে রোজার সময় ১৫ ঘণ্টা ২২ মিনিট, চিলির পুয়ের্তো মন্টেতে ১৫ ঘণ্টা ১৩ মিনিট এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ১৪ ঘণ্টা ৪৮ মিনিট নির্ধারিত হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজার সময় তুলনামূলক কম। সৌদি আরবের রিয়াদ, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাংলাদেশের ঢাকায় প্রথম দিনের রোজার সময় প্রায় ১২ ঘণ্টা ৪৩ থেকে ৪৪ মিনিটের মধ্যে রয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে রোজার সময় আরও কম, যেখানে কিছু দেশে রোজার সময় ১২ ঘণ্টার নিচেও নেমে এসেছে।
বিশেষজ্ঞরা জানান, ইসলামি হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় রমজান মাস প্রতি বছর সৌর বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। এ কারণে ২০৩১ সাল পর্যন্ত উত্তর গোলার্ধে রোজার সময় ধীরে ধীরে কমতে থাকবে। ওই বছর রমজান মাস বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি সময়ে পড়বে।

