সম্পাদিত ও পরিমার্জিত সংবাদ: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জুতা বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী একই সংসদ সদস্যের লিখিত প্রশ্নের উত্তরে বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে কার্যক্রম চালু রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখনন, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য সম্মানী ও উৎসব ভাতা, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ।
এছাড়া সারাদেশে শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়ন, ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা, পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং চলতি অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।

