বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ঘুরতে আসা এক প্রেমিক যুগলের ওপর হামলা চালিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন একটি মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হিসেবে পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদারের নাম উঠে এসেছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিন উদ্দিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জানান, রাতে ঘটনাটি তাদের নজরে এসেছে। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবুও ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করায় পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইয়াছিন পূর্ব থেকেই ওই যুগলকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে বিরক্ত করতে থাকেন এবং পরে উভয়কে মারধর করেন। মারধরের পর প্রেমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে তাকে ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য করা হয়।
প্রাণভয়ে প্রেমিক সেখান থেকে দূরে সরে গেলে অভিযুক্ত তরুণীকে জোরপূর্বক নির্মাণাধীন স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে ওই তরুণ-তরুণীকে নিরাপদে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

