ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে।
জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন।
সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু নেতাদের উপস্থিতিতে আকদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডাকসুর বিভিন্ন নেতা ও শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

