ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে ‘ভালো হয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নয়ন তুমি ভালো হয়ে যাও।” এ সময় তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে নয়নকে সংযত রাখা তার জন্যই মঙ্গলজনক। নয়ন যত বেশি কথা বলবেন, ততই মির্জা আব্বাসের ভোট কমবে বলে মন্তব্য করেন তিনি।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার বাসার আশপাশে অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাইকেলে ঘোরাফেরা করছেন, যা তাকে শঙ্কিত করছে। তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) রবিউল ইসলাম নয়ন নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী কার্যালয়ে যান। সেখানে তিনি নাসীরুদ্দীনের বাসার ঠিকানা জানতে চান। এ বিষয়ে নয়ন বলেন, তিনি ওই এলাকার বাসিন্দা এবং নাসীরুদ্দীন পাটওয়ারী যদি সংসদ সদস্য নির্বাচিত হন, ভবিষ্যতে কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগের জন্য ঠিকানাটি জানা প্রয়োজন হতে পারে।
এদিকে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার রাজধানীর কাকরাইলে ‘হক ক্যাসেল’ ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে কোনো কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, কিছু প্রার্থী এমনভাবে কথা বলছেন, যেন তারা আগেই জয় নিশ্চিত করে ফেলেছেন, যা অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে উদ্বেগজনক।

