কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, অনেক দিন পর ভোট দিতে পেরে তাঁর ঈদের মতো আনন্দ লাগছে। জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন, উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ইনশাআল্লাহ ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।”
তিনি জানান, সদর আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে তাঁদের এজেন্ট উপস্থিত আছেন। এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ উল্লেখ করে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন। তবে রাতের বেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা উল্লেখ করে সেগুলোর পুনরাবৃত্তি না ঘটার আহ্বান জানান।
দেশের বিভিন্ন জেলায় জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে টাকা ও লিফলেট বিতরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও দেখেছেন, তবে জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনে—এমন অভিযোগ তিনি বিশ্বাস করেন না। তাঁর দাবি, এসব অপপ্রচার ও ষড়যন্ত্র। একই সঙ্গে তিনি বলেন, কোনো দলের পক্ষ থেকেই যেন টাকা ছড়ানো না হয়। জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

