দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় সারাদেশে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে অনুষ্ঠিত গণভোটে নিজের ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। একটি আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত থাকায় ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনে অংশ নেয়নি।
এবার মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে নারী প্রার্থী ৮১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি (ধানের শীষ)। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীকে, জামায়াতের ২২৯ জন দাঁড়িপাল্লা প্রতীকে এবং জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
সারা দেশে মোট ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি পেয়েছেন ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক এবং ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক।
নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন প্রায় ৯ লাখ ৭১ হাজার সদস্য। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির সদস্যদের পাশাপাশি নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

