ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষ (সিনেট)–এ যাওয়ার পথ তার জন্য উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় ও জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। এ নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়ে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। এ হিসাবে দলটির অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দলীয় একাধিক সূত্র জানায়, সম্ভাব্য তিন সদস্যের তালিকায় শীর্ষে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন, তাহলে সিনেটের সদস্য পদে নাও যেতে পারেন।
বেসরকারি ফল অনুযায়ী, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট এবং নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট—ব্যবধান পাঁচ হাজারের কিছু বেশি।

