ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি এ দাবি জানান।
অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল আটকে রাখাসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। অনেক কেন্দ্রে বাতিল ভোট ধানের শীষের অনুকূলে গণনা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপি প্রার্থীর দাবি, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার এসব অনিয়মে সরাসরি জড়িত ছিলেন এবং নির্বাচনী আইন লঙ্ঘন করে অবৈধভাবে ফল ঘোষণা করা হয়েছে। তিনি ফলাফল স্থগিত করে তদন্ত, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং পুনঃগণনা শেষ না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ স্থগিত রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।

