ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঢাকায় প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন। দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে, যা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় ভয়ভীতি ছড়ানোর কারণে ভোটার উপস্থিতি কম ছিল। পাশাপাশি ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে ১১ দলীয় জোটের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে ঘষামাজা, কাটাছেঁড়া, ওভাররাইটিং এবং কোথাও কোথাও এজেন্টদের স্বাক্ষর না নেওয়ার অভিযোগও করেন তিনি।

