ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রাঙ্গামাটি আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি এক লাখ ৬৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে পরাজিত করেন।
পোস্টাল কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে দীপেন দেওয়ান পেয়েছেন দুই লাখ এক হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাঙ্গামাটি আসনে মোট ভোটার পাঁচ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে ভোট পড়েছে দুই লাখ ৭৪ হাজার ১৮টি। বাতিল হয়েছে ১০ হাজার ১৫২ ভোট এবং বৈধ ভোট ছিল দুই লাখ ৬৩ হাজার ৮৬৬টি। ভোটার উপস্থিতির হার ছিল ৫৪ দশমিক ৭ শতাংশ।
জয়ের প্রতিক্রিয়ায় দীপেন দেওয়ান বলেন, তৃণমূল মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে এবং দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। তিনি বলেন, এই জয় সম্মানের পাশাপাশি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে এসেছে, যা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
রাঙ্গামাটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, দীপেন দেওয়ানের সততা, ত্যাগ ও দলীয় আদর্শের প্রতি অটল থাকার কারণেই জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তিনি দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী মর্যাদায় পার্বত্য মন্ত্রী করার দাবি জানান।

