ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগে ময়মনসিংহের ফুলপুরে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের ওপর হামলা চালিয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। শনিবার বিকেলে পৌরসভার বালিয়া মোড় এলাকায় দুই দফায় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রায় এক ঘণ্টা তাকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়।
স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি তুলার গুদাম পরিদর্শনে গেলে দলীয় কর্মীরা তাকে ঘিরে ধরে। তাদের অভিযোগ, নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় দলের পরাজয় হয়েছে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
হামলার প্রতিবাদে সমর্থকরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দ্বিতীয় দফা হামলায় গাড়ির চালকসহ অন্তত দুইজন আহত হন। পুলিশ সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

