বান্দরবানের আলীকদমে রহিমা বেগম নামে এক শয্যাশায়ী বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিমা বেগমের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন।
নিহতের ছেলে নুরুল আমিন বলেন, অসুস্থ ও শয্যাশায়ী মাকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন।
আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের ইঙ্গিত পাওয়া গেছে। স্বামী ও সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে মেজো ছেলের প্রথম স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

