ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন প্রার্থী কেবল একটি আসনই ধরে রাখতে পারেন। সে অনুযায়ী বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে হয়, তিনি কোন একটি আসন রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে এবং অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করা হবে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ফলে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি, বাতিল হয় ২ হাজার ২১১টি এবং বৈধ ভোট ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।
অন্যদিকে বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেও আইনগত বাধ্যবাধকতার কারণে এই আসনটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

