গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্যমতে, গণভোটে মোট ভোট পড়ার হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
ফলাফলে দেখা যায়, পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অপরদিকে পরিবর্তনের বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার। গণভোটের এই ফলাফল ও এর বৈধতা নিয়ে এখন উচ্চ আদালতে আইনি লড়াই শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

