য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মালদ্বীপের ঢাকার হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতেই রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর এই সফর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
এদিকে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবালও ঢাকায় পৌঁছেছেন। বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠানটি আন্তর্জাতিক গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, স্বতন্ত্র প্রার্থীরা সাতটি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে।
ভোটের শতাংশের হিসাবে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এছাড়া এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস যথাক্রমে ৩ দশমিক ০৫, ২ দশমিক ৭০ এবং ২ দশমিক ০৯ শতাংশ ভোট অর্জন করেছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দেয় বিএনপি, যাদের কেউই জামানত হারাননি। জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দিয়ে তিনজন প্রার্থীর জামানত হারায়। জাতীয় পার্টি ১৯৮টি আসনে প্রার্থী দিলেও মাত্র পাঁচজন প্রার্থী জামানত রক্ষা করতে সক্ষম হন।

