ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সাধারণত জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে গণ অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতির কারণে এবার এই দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
এর আগে সকাল ৯টার পর থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবনে আসতে শুরু করেন। এ সময় সংসদ ভবনের বাইরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
ভোটের হিসাবে বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।

