সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিদায়ী পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে উল্লেখ করা হয়, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামে পরিচালিত এই অফিসিয়াল পেজটি এখন থেকে আর হালনাগাদ করা হবে না। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনসম্পৃক্ততা ও তথ্য আদান–প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পেজটি চালু করা হয়েছিল। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা ৪৪ লাখেরও বেশি।
বিদায়ী বার্তায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত ১৮ মাসের যাত্রাপথে সাধারণ মানুষের আগ্রহ, সহায়তা ও সক্রিয় অংশগ্রহণ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে অর্থবহ করেছে। সমর্থনের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও সরকারের কাজকে আরও দায়িত্বশীল ও স্বচ্ছ করতে সহায়তা করেছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। দায়িত্বকালীন সময়ে এই ফেসবুক পেজ থেকে নিয়মিতভাবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, বিবৃতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা হতো।

