পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের ভোগান্তি লাঘব এবং নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী অন্তত পাইলট বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে আসন্ন ঈদের আগেই কার্যক্রম শুরু করতে আগ্রহী। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বাজার স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ডের আওতা সম্পর্কে মন্ত্রী বলেন, এটি ধাপে ধাপে সার্বজনীন করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে কঠোর বিধিনিষেধ না থাকলেও একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে অন্তর্ভুক্ত করবে। কার্ড বিতরণ, পণ্য সরবরাহ ও সামগ্রিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কারিগরি কাঠামো নির্ধারণের কাজ চলছে।
সিপিবির সাম্প্রতিক উদ্বেগ প্রসঙ্গে মন্ত্রী জানান, কার্ড চালু নিয়ে কোনো অনিশ্চয়তা নেই; সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি বাস্তবায়ন করছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ করা হবে। রমজানের শুরুতে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণেও এই কার্ড কার্যকর ভূমিকা রাখবে বলে সরকার আশাবাদী।

