রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বাচলের কালীগঞ্জ থানাধীন গলান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো – এসএসসি পরীক্ষার্থী নিহাত আকন্দ ও দশম শ্রেণীর ছাত্র নোয়াইরিশ আকন্দ। নিহাত রূপগঞ্জের জিন্দা এলাকার মোশারফ আকন্দের ছেলে এবং নোয়াইরিশ একই এলাকার মঞ্জুর আকন্দের ছেলে। তারা দুইজনই জিন্দা লিটল এঞ্জেল সেমিনারের শিক্ষার্থী ছিলো। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আজিজুল ইসলাম আহত হয়েছেন।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, মঙ্গলবার বিকেলে আজিজুল ইসলাম তার দুই বন্ধু নিহাত ও নোয়াইরিশকে নিয়ে মোটরসাইকেলে জিন্দা এলাকা থেকে উলুখোলার দিকে যাচ্ছিলেন। গলান এলাকায় একটি গাজীপুরগামী মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহাত ও নোয়াইরিশের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

