বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেশমা তোহা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন। বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল শেষে সংগঠনের কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
একই বৈঠকে সংগঠনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। সহ-সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখীনিউজটুয়েন্টিফোর ডটকমের স্বপ্ন রোজ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দৈনিক এদিনের রারজানা সুলতানা নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোহনা টিভির কাজী তামান্না তৃষা, দেশকাল নিউজের জান্নাতুল ফেরদৌস শোভা এবং জবাবদিহির হোসনে আরা রিয়াকে মনোনীত করা হয়েছে। সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটিকে পুনর্গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
২০১৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, রুটিরুজির আন্দোলন, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং গণমাধ্যমকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।

