শিক্ষা ও পরিবেশ ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলামকে “সুন্দরবন পর্যটন ক্লাব পুরস্কার-২০২৬”-এ ভূষিত করা হয়। একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সংগীতশিল্পী ও নজরুল গবেষক ফাতেমা তুজ জোহরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. মোহাম্মদ একরামুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ড. প্রিয়াঙ্কা গুপ্ত, কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির ফাউন্ডার ড. এম এ সামাদ ও বাংলাদেশি প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার।
ড. মোহাম্মদ একরামুল ইসলাম ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাটের চাকল গ্রামে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। ভারতের বিশ্ববিখ্যাত আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কেরালা রাজ্যের কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ফলিত গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি গণিতের লোক হলেও পরিবেশ বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৮ সালে গঠন করেন “The GARDEN” নামের সংগঠন। তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে নানান কর্মসূচির মাধ্যমে ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব প্রচার করছেন এবং পরিবেশ নিয়ে তাঁর একাধিক প্রকাশনা প্রকাশিত হয়েছে।
তাঁর সম্পাদিত জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: পরিবেশ ও আমাদের ভবিষ্যৎ, পরিবেশ ও আমাদের অস্তিত্ব, পরিবেশ ও আমাদের জীববৈচিত্র্য, পরিবেশ ও আমাদের ভেজাভূমি, পরিবেশ ও আমাদের নদ-নদী, পরিবেশ ও আমাদের বনভূমি, এনভায়রনমেন্টাল থটস (প্রথম খণ্ড) এবং এনভায়রনমেন্টাল থটস (দ্বিতীয় খণ্ড), ইটস অল অ্যাবাউট সাস্টেইনেবিলিটি ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি ২০১৪ সাল থেকে ন্যাচার ডাইজেস্ট-এর এডিটর-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম ন্যাচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ (এনএসএসবি) কর্তৃক অনারারি রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেন।

