সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন চালুর নির্দেশ
সরকারি চাকরিজীবী ও জরুরি সেবাসংশ্লিষ্ট যানবাহনের জন্য তেল পাম্পে আলাদা জরুরি লাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে এই বিশেষ সেবা চালু থাকবে।
আজ বৃহস্পতিবার থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষক, অ্যাম্বুল্যান্সসহ অন্যান্য জরুরি বিভাগের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে হাসপাতাল, বিদ্যুৎ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই জরুরি সেবা চালু থাকবে। তবে পাম্পে জ্বালানি মজুত থাকা সাপেক্ষে এ সুবিধা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
এছাড়া, নির্ধারিত সূচি মেনে পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত নিয়মে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

