দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ৩৭১ শিশুর মধ্যে এর উপসর্গ দেখা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫৪ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৭২১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩৬৯ শিশু।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে দুইজনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল এবং বাকি পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১৫৬ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে আক্রান্তের সংখ্যা ৬১৬ জন। এছাড়া চট্টগ্রামে ১৪১, রাজশাহীতে ২৯৮, খুলনায় ১৪৩, বরিশালে ৬৪, ময়মনসিংহে ২৯, রংপুরে ২৬ এবং সিলেটে ৫৫ জন শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

