চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে খাবার গ্রহণের কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের টিফিনে পাউরুটি ও ডিম দেওয়া হয়। খাবার খাওয়ার পরপরই শিক্ষার্থীদের মধ্যে বমি ভাব, তীব্র পেটব্যথা এবং চোখে জ্বালাপোড়াসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এতে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাকিদের স্বজনরা দ্রুত বাড়ি ও নিকটস্থ ক্লিনিকে নিয়ে যান।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে একাধিকবার জানানো হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারবার অভিযোগ করার পরও খাবারের মান উন্নত করা হয়নি। আজ সেই খাবার খেয়েই ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এ বিষয়ে বক্তব্য জানতে সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জেলার চারটি উপজেলায় ২০০টিরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পাউরুটি, দুধ, কলা ও ডিম সরবরাহ করা হয়। তবে দীর্ঘদিন ধরেই এ কর্মসূচির খাবারের মান নিয়ে প্রশ্ন উঠছে।

