পাচার ও ভর্তুকি এড়াতে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। একইসঙ্গে বাস ভাড়া বাড়ানো হয়নি, বরং তেলের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে যে প্রভাব পড়ে, তা বিবেচনায় নিয়েই এই সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো ধরনের দীর্ঘ আলোচনা ছাড়াই বাস ভাড়াও কমিয়ে আনা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রজ্ঞাপন জারি করলেই কার্যকর হবে।
তিনি আরও বলেন, কেবল ডিজেলচালিত বাসের ভাড়া সমন্বয় করা হয়েছে। যেহেতু গ্যাসের দাম বাড়েনি, তাই গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কোথাও এ ধরনের অনিয়ম দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল জনজীবনে বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণে পর্যায়ক্রমে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অটোরিকশা চলাচল সীমিত বা নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
এর আগে বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়। গত ১৮ এপ্রিল রাতে ঘোষণা অনুযায়ী ১৯ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হয়। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

