দেশে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, তবুও সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার-নির্যাতন সহ্য করবেন না।
সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং সে কারণে তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের আরও নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভারতে কোনো ঘটনা ঘটেছে বলেই বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
সংলাপে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল বক্তব্য দেন।

