ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বলের নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’। স্প্যানিশ ভাষার এই শব্দের অর্থ ‘তিনটি ঢেউ’, যা বিশ্বকাপের তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রতীকী প্রতিনিধিত্ব করে। বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস বলটির নকশা ও প্রযুক্তিগত উন্নয়নের দায়িত্ব পালন করেছে।
ট্রাইওন্ডার সবচেয়ে বড় আকর্ষণ এর ভেতরে সংযুক্ত বিশেষ মোশন সেন্সর চিপ। এই চিপ প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে সক্ষম। ফলে বলের গতি, ঘূর্ণন এবং খেলোয়াড়ের স্পর্শের সুনির্দিষ্ট মুহূর্ত শনাক্ত করা সম্ভব হবে। ফুটবলার কখন এবং কীভাবে বল স্পর্শ করেছেন, সেই তথ্য তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে ভিএআর সিস্টেমে পাঠানো যাবে।
ফিফার মতে, এই প্রযুক্তি অফসাইড, হ্যান্ডবলসহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত দ্রুত ও নির্ভুলভাবে গ্রহণে রেফারিদের সহায়তা করবে। এমনকি বলে খুব হালকা স্পর্শের ঘটনাও শনাক্ত করা সম্ভব হবে, যা আগে সাধারণ ক্যামেরা বা খালি চোখে ধরা কঠিন ছিল।
চিপটির কার্যকারিতা বজায় রাখতে ম্যাচের আগে এটি চার্জ দিতে হবে। একবার পূর্ণ চার্জে প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত এটি নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারবে।
নকশার ক্ষেত্রেও ট্রাইওন্ডায় আনা হয়েছে অভিনবত্ব। যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে নীল তারকা, কানাডার জন্য লাল ম্যাপেল পাতা এবং মেক্সিকোর প্রতিনিধিত্বে সবুজ ঈগল ব্যবহার করা হয়েছে। লাল, নীল ও সবুজ রঙের সমন্বয়ে তৈরি বলটি উত্তর আমেরিকার তিন আয়োজক দেশের জাতীয় পরিচয়কে ফুটিয়ে তুলেছে।
বলটির চার-প্যানেল গঠন, গভীর সিম এবং বিশেষ এমবসড নকশা উড়ন্ত অবস্থায় স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি ভেজা বা আর্দ্র আবহাওয়ায় খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ ও গ্রিপ উন্নত করতে সহায়তা করবে।
অ্যাডিডাসের দাবি, আধুনিক নকশা, উন্নত প্রকৌশল এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ট্রাইওন্ডা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম প্রযুক্তিনির্ভর ম্যাচ বল হিসেবে নতুন মানদণ্ড স্থাপন করবে।

