টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাড়ির পাশের পুকুরে পড়ে আব্দুল্লাহ আল হাসান লাম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাম ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বসতঘরের বারান্দায় খেলছিল শিশু লাম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বজনরা দ্রুত ধনবাড়ী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

