ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরকে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তার স্বার্থে সালথা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে জনি মাতুব্বর নামে এক যুবককে মাদকসহ গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
সোহেল মাতুব্বরের দাবি, মাঝারদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চলছিল। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান পরিচালনা করে জনি মাতুব্বরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বুধবার রাতে মাঝারদিয়া বাজারে নাজমুলের দোকানের সামনে জনি মাতুব্বরের মা জেসমিন বেগম তাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
সোহেল মাতুব্বর বলেন, সত্যের পক্ষে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে জীবন দিতে হলেও তিনি পিছিয়ে যাবেন না। মাদকমুক্ত মাঝারদিয়া গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তিনি কাজ চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, তাঁদের রাজনৈতিক নেতৃত্বের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি সমর্থন জানিয়ে সালথা উপজেলা ছাত্রদল মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে। তাঁর ভাষ্য, মাদক যুবসমাজ, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সালথা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোহেল মাতুব্বর জানান, বিষয়টি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমানকে অবহিত করা হয়েছে। ওসি তাকে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। এ কারণে তিনি নিজের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করার উদ্যোগ নিয়েছেন।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মাঝারদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। তাঁদের ভাষ্য, মা-ছেলে মিলে ওই ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, ছাত্রদল নেতাকে হুমকি দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা তথ্য পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩০ জুন মাঝারদিয়া বাজারে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সোহেল মাতুব্বর সক্রিয় ভূমিকা পালন করেন। এরপর থেকে এলাকাবাসী, বিশেষ করে যুবসমাজ, মাদক নির্মূলে আরও সক্রিয় হয়ে ওঠে।

