ফরিদপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোচালক নাঈম শেখকে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলার অপর আসামি আশিক শেখের বিচার চলছে শিশু আদালতে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত)-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম শেখের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লাকে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০২২ সালের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসমত শেখ ও সাগর মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। অপর আসামি আশিক শেখ ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এটি সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

