নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় ফারুক মিয়ার ছেলে অপূর্বের নেতৃত্বে ব্রাজিল সমর্থকদের একটি দল এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিবের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি দল রয়েছে। সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করেন। পরে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর ব্রাজিল সমর্থকদের উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে হাবিবের পক্ষ অপূর্বের সমর্থকদের ধাওয়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং কয়েকজন নারীকে মারধরের অভিযোগ ওঠে। পরবর্তীতে আর্জেন্টিনা সমর্থকরা পাল্টা ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে মারধর করেন বলেও স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই উভয় পক্ষ সেখান থেকে সরে যায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কিশোর বয়সী কয়েকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই উভয় পক্ষ চলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

