ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি বাকি রয়েছে, যা আগামী দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত ডিপফেক, মিথ্যাচার ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শুরু থেকেই তথ্যের অপব্যবহার, বিশেষ করে ডিসইনফরমেশন ও সাইবার বুলিংকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তারের ফলে ভুয়া তথ্য প্রচার, অপপ্রচার, ছবি ও ভিডিও বিকৃত করে প্রকাশ এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। এসব কর্মকাণ্ড ব্যক্তির সম্মানহানির পাশাপাশি সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং জননিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে।
তিনি বলেন, বিশেষ করে নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। কেবল নারী হওয়ার কারণেই অনেককে অপমান, হুমকি, কুরুচিপূর্ণ মন্তব্য এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণার মুখোমুখি হতে হচ্ছে।
তথ্য উপদেষ্টা জানান, গঠিতব্য আইনজীবী প্যানেল শুধু অভিযোগ পাওয়ার পরই নয়, প্রয়োজনে স্বতঃপ্রণোদিত হয়েও আইনগত ব্যবস্থা নিতে পারবে। সরকার যেসব ঘটনাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করবে, সেসব ক্ষেত্রেও প্যানেলটি সক্রিয়ভাবে কাজ করবে। এর উদ্দেশ্য হলো ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দেওয়া এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
তিনি সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল ব্যবহারও নিশ্চিত করতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার না করার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রমও তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। ২০২৫ সালের একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ১৭ হাজার ২১৮ জন, আর ২০২৬ সালে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। একই সময়ে মৃত্যুর সংখ্যা ৬২ থেকে কমে ৩৭-এ নেমে এসেছে।
জ্বালানি খাতে অগ্রগতির বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পদ্ধতিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য ৪০টি প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ১৫০টি গ্যাস কূপ খননের পরিকল্পনার মধ্যে ২৯টি কূপ ইতোমধ্যে খনন করা হয়েছে। এসব কূপ থেকে ২৭০ দশমিক ৮ মিলিয়ন এমএমসিএফটি গ্যাস উৎপাদন নিশ্চিত হয়েছে, যার মধ্যে ১২৫ দশমিক ৩ এমএমসিএফটি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে বাকি কূপগুলো খনন করে আরও প্রায় ১ হাজার ৪৯১ এমএমসিএফটি গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি জানান, সরকার ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা-২০২৬’ জারি করেছে। নতুন বিধিমালা অনুযায়ী খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আসতে হবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বাজার তদারকি অব্যাহত রয়েছে।
এছাড়া আগামী আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এ ডেবিট কার্ড বিতরণ করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষায় পলিথিনের পরিবর্তে পাটজাত ব্যাগ ব্যবহারে সরকার গুরুত্ব দিচ্ছে এবং পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে বিটিএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি মিলের মধ্যে ১৬টি মিল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আওতায় পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে, যা বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং কর্মসংস্থান সুরক্ষায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

