দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত হাম সন্দেহে মোট ৭০২ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। আর ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন।
একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৩০ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২ হাজার ২৪৪ জন। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৪১১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

